প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৩:২২ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১৩:৩৩ পিএম
রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শনিবার সকালে ফুল দেন এম খুরশীদ হোসেন। ছবি: প্রবা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পর র্যাব সংস্কারের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না র্যাবের নয়া প্রধান এম খুরশীদ হোসেন।
শনিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলব র্যাব সংস্কারের কোনো প্রশ্নই দেখি না। আমরা এমন কোনো কাজ করছি না যে র্যাব সংস্কার করতে হবে। আমাদের পূর্ব থেকে যে বিধিবিধান আছে, সেই অনুসারে আমরা কাজ করছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।’
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন দ্রুতই র্যাবের নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে না। র্যাবকে সংস্কারের কথা জানান এই মার্কিন রাষ্ট্রদূত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র র্যাব কর্মকর্তাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা সরকারিভাবে মোকাবিলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে, এরই মধ্যে আমরা সেসব বিষয় জবাব দিয়েছি। জবাব দেওয়ার পরে তারা আর পাল্টা প্রশ্ন করার সুযোগ পায়নি।’
র্যাব প্রধান বলেন, ‘আপনি বললেন এতগুলো লোক আমার উধাও হয়েছে, বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকার কিংবা আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। এটা সত্য যারা কাজ করে তাদের ভুলত্রুটি হতেই পারে। তবে দেখতে হবে, সেটা ব্যক্তিস্বার্থে করেছি নাকি দেশের সাধারণ মানুষের জন্য করেছি। তাই বলব, এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবিলা করব।’
আদৌ মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে সংস্কারের জন্য কোনো লিখিত প্রস্তাব করেছে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘না, আমাদের কাছে কোনো লিখিত প্রস্তাব দেয়নি।’
প্রবা/টিকে/এমজে/