প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৯:৫৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২০:৫৮ পিএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ৩০ এপ্রিল সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় ৮ বছরের দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে জামিন দেননি চেম্বার আদালত। আদালত তার জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। আগামী ৭ আগস্ট জামিন আবেদনের ওপর শুনানি হবে।
বুধবার (৫ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিন আদালতে সেলিম প্রধানের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও ব্যারিস্টার সারোয়ার হোসেন।
গত সোমবার জামিন চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন সেলিম প্রধান। তার আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী জানান, সাজার বিরুদ্ধে সেলিম প্রধানের আপিল গ্রহণ করে সম্পতি আদেশ দেন হাইকোর্ট। তবে আদালত জামিন দেননি। সেজন্য জামিন চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড ও ১১ লাখ টাকা জরিমানা করেন আদালত। গত ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ এর বিচারক বদরুল আলম ভূঁঞা এ রায় দেন।
২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালায় র্যাব। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সেলিমের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।
অভিযোগপত্রে সেলিম প্রধানের বিরুদ্ধে ৫৭ কোটি ৭৯ লাখ ২৮৮ টাকা অবৈধ সম্পদ অর্জন ও ২১ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ১৪৫ টাকা অর্থ পাচারের অভিযোগ আনা হয়।