ঢাকা-১৭ আসন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৩:৩৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১৫:৫৪ পিএম
আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক প্রার্থিতা ফিরে পেলেন। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৬ জুন) এ আদেশ দেন।
আদালতে তারিকুলের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করেন এই স্বতন্ত্র প্রার্থী। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
গত ১৮ জুন ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূইয়াঁসহ আটজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। পরে নির্বাচন কমিশনে আপিল করে গত বৃহস্পতিবার প্রার্থিতা ফিরে পান হিরো আলমও।
নিবন্ধন না পেলেও বিরোধী দলগুলোর সঙ্গে আন্দোলনে রয়েছে পিআরপি। মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের দেওয়া শর্তের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসেন এই তরুণ নেতা।
পিআরপির চেয়ারম্যান তারিকুল এর আগে ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে এমপি পদে আওয়ামী লীগ জোটের প্রার্থী শিরিন আখতারের কাছে পরাজিত হয়েছিলেন।