প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩ ১২:৫৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ১৩:৪৯ পিএম
ফাইল ছবি
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া অপর তিনজন হলেন- সাদিয়া চৌধুরী, আবুল কাশেম এবং মোটরসাইকেল সরবরাহকারী মো. আল মামুন।
বুধবার (২১ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাপস কুমার পাল বলেন, রাজধানীর বনানী থানায় মানি লন্ডারিং আইনে করা মামলায় আলেশা মার্টের সব সম্পত্তি অবরুদ্ধ (ফ্রিজ) এবং মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশগমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মো. মনিরুজ্জামান। চলতি বছরের মে মাসে বনানী থানায় মানি লন্ডারিং আইনে মামলা করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ এবং মঞ্জুরুল আলম শিকদারসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।