সিলেট সিটি নির্বাচন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ২২:০০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩ ০০:৫০ এএম
আনোয়ারুজ্জামান চৌধুরী। ফাইল ফটো
হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আওয়ামী লীগ নেতা একেএম আবু হুরায়রা সাজুর পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রিটটি করেন।
বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন রিটকারী আইনজীবী নিজেই। তিনি জানান, হাইকোর্টের বিচারক জাফর আহমেদ ও বিচারক মো. বশির উল্লাহর বেঞ্চে বুধবার (২১ জুন) রিটটি শুনানির কথা রয়েছে।
এর আগে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার রাজশাহী ও সিলেট সিটিতে নির্বাচন। এই দুই সিটি নির্বাচনেও ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। কেন্দ্রে ভোট পরিস্থিতি এবারও সিসি ক্যামেরায় দেখবে কমিশন।
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ কয়েকটি দল ভোটে অংশ নিলেও নেই বিএনপি। বরিশালে এক মেয়রপ্রার্থীর ওপর হামলার পর এবার সিলেট ও রাজশাহীর ভোট বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।