× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত সেক্রেটারিকে গ্রেপ্তার দেখাতে আবেদনের শুনানি ২১ জুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১৪:৫৯ পিএম

মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার।

রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে ২০২১ সালে করা এক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২১ জুন দিন ঠিক করেছেন আদালত। 

সোমবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে পল্টন থানার এ মামলায় গত ১৩ জুন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন কাদের। 

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট শিশির মনির শুনানি করেন। এ সময় তিনি আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। এ সময় আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য নতুন দিন ঠিক করেন। 

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে উল্লেখ করা হয়, মামলার বাদী (রুমাম শেখ) ২০২১ সালের ২৬ মার্চ দুপুর সাড়ে ১২টার সময় মুসল্লিদের সঙ্গে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়তে যান। ফরজ নামাজ শেষে বাদী মসজিদের ভেতরে উশৃঙ্খল ধর্মান্ধ ব্যক্তিদের জুতা প্রদর্শনসহ নানা ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে দেখেন। ওই দিন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মসজিদের বাইরে উত্তর গেটের সিঁড়িতে কয়েক হাজার হেফাজত ও জামায়াত-শিবির-বিএনপি কর্মীদের উশৃঙ্খল জমায়েত দেখেন। শীর্ষস্থানীয় জামায়াত-শিবির-বিএনপি-হেফাজত নেতৃবৃন্দ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের অংশে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করা ও ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করে। এ সময় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের প্রত্যক্ষ নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বাদীসহ সাধারণ মুসল্লিদের ওপর অতর্কিত হামলা করা হয়। 

পরবর্তীতে উপরোক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের দিকে মিছিলসহ অগ্রসর হয়। কিন্তু উপস্থিত মুসল্লি ও জনতার শক্ত প্রতিরোধের মুখে তারা পিছু হটেন এবং আসামি মাওলানা লোকমান হাকিম বাদীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। 

আসামি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং তার নির্দেশে হেফাজতের অন্য নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদঘাটন এবং মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে এ মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা