প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:১০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩১ পিএম
অভিনেত্রী সোহানা সাবা। ফাইল ছবি
লাইসেন্স ছাড়া অনলাইন এবং অফলাইনে বিভিন্ন চ্যানেলে কনটেন্ট সম্প্রচার করায় ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ও মেসার্স ইনসটিচ স্টুডিও কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন সাবার আইনজীবী মজিবুল কামাল।
নোটিশের বরাতে মজিবুল কামাল জানান, ‘অভিনেত্রী সোহানা সাবা ৪ চার বছর আগে তারকালয় “আড্ডা উইথ সোহানা সাবা” নামে একটি সেলিব্রেটি টকশো নির্মাণ শুরু করেন, যা মেসার্স ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড পরবর্তী সময়ে আরও অনেক ডিজিটাল প্লাটফরমে সাবার অনুমতি ছাড়া ব্যবহার করেছে। এতে জানা অজানা অনেকেই আর্থিকভাবে লাভবান হয়েছে। তবে টকশোটি সাবার কপিরাইটকৃত এবং যার সার্টিফিকেটগুলোর নম্বর যথাক্রমে সিআরএস ২৭০৪৮, ২৭০৮৫ ২৭০৮৬, ২৭০৮৭ এবং ২৭০৮৮।
‘মেসার্স ইনসটিচ স্টুডিও এবং রবি আজিয়াটা লিমিটেড সোহানা সাবার কোনো সম্মতি ও লাইসেন্স ছাড়া অনুষ্ঠানগুলো অনলাইন এবং অফলাইন বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করেছে, যা আইন অনুযায়ী কপিরাইট আইন-২০০০-এর (সংশোধিত ২০১০)-এর ৭১ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।’
অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘গত ৪ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ৪২টি পর্ব তৈরি করেছি। এগুলো তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আমার অনুমতি ছাড়া ব্যবহার করে উচ্চ মুনাফা অর্জন করেছে। এটি দেশের আইন অনুযায়ী চুরিরও শামিল। ওই কনটেন্টগুলো থেকে আয় করা টাকা তারা আমাকে বুঝিয়ে দেয়নি। এ বিষয়ে অবগত হলে তাদের কাছে যাওয়ার পরও তারা আমার কথা অগ্রাহ্য করে। তাই লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।’
প্রবা/আরকে