রাজশাহী অফিস
প্রকাশ : ১৪ জুন ২০২৩ ১৯:০৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩ ১৯:১০ পিএম
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রবা ফটো
বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ জুন) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিদুর রহমান চাঁদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা চাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
গত ২৩ মে কাশিয়াডাঙ্গা থানায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মোট ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও অনেকের নামে মামলা করে পুলিশ। মামলার আসামিরা হলেন- মাসুদ হাসান, আকবর আলী, জব্বারুল, আবু সাঈদ চাঁদ, নোমানুল ইসলাম, সেলিম রেজা, মোখলেসুর রহমান, মওদুদ ইলিয়াস, সরোয়ার জাহান ও আব্দুল্লাহ আল মামুন।
চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, ’বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার দেখিয়ে তার ১০ দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা। সোমবার তাকে আদালতে হাজির করা হয়। তবে ওই দিন চাঁদ আদালতে অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলা হয়। বুধবার আবারও চাঁদকে আদালতে হাজির করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
কাশিয়াডাঙ্গা থানার ওসি মনিরুজ্জামান বলেন, ’চাঁদের নির্দেশে এ মামলার আসামিরা নাশকতার পরিকল্পনা করছিল। পরিকল্পনাকালে চাঁদ ছাড়া অন্য চার আসামিকে গ্রেপ্তার করা হয়। চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা হিসেবে গ্রেপ্তার হলে তাকে আজ কাশিয়াডাঙ্গা থানার বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।’