প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩ ১৩:০০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩ ১৩:১৮ পিএম
রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত বৈধ বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মনিপুর স্কুলের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান খান। আদেশের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
তিনি বলেন, ‘গত ১৩ অক্টোবর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে সরানোর আদেশ হাইকোর্ট স্থগিত করেছিলেন। আমরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল রেখেছেন।’
গত বছরের ৪ অক্টোবর মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষের পদ থেকে সরানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানায় কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের চাকরির বয়সসীমা (৬০ বছর) অতিক্রম করায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মো. মুস্তাফিজুর ইসলামকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হলো। বর্তমান অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন একই প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মুস্তাফিজুর ইসলামকে দায়িত্ব হস্তান্তর করবেন বলেও জানানো হয়েছে। এখন জাকির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।