× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের আদালতে উঠল ২৯০ এমপির শপথের বৈধতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৩ ০১:১৮ এএম

আপডেট : ১২ জুন ২০২৩ ১২:০৮ পিএম

ফের আদালতে উঠল ২৯০ এমপির শপথের বৈধতা

একাদশ জাতীয় সংসদের ২৯০ সংসদ সদস্যের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আপিল বিভাগের চেম্বার আদালতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন। রিট খারিজের চার বছর পর বিএনপিপন্থি আইনজীবীরা এ আবেদন করলেন।

রাষ্ট্রপক্ষ থেকে সময় চাওয়ায় সোমবার আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টি শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
২৯০ সংসদ সদস্যের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট ২০১৯ সালের ফেব্রুয়ারিতে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাখলেও শুনানির উদ্যোগ নেননি তারা।

চার বছর পর আবেদনটি শুনানির জন্য আদালতে আবেদন করেন আবেদনকারীরা। রোববার (১১ জুন) সেটি আপিল বিভাগের চেম্বার কোর্টের কার্যতালিকায় আসে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমরা তারিখ নির্ধারণের জন্য আবেদনটি উপস্থাপন করেছিলাম। অ্যাটর্নি জেনারেল সময় চাওয়ায় আগামীকাল (আজ) আবেদনটি আবার কার্যতালিকায় আসবে।’

২০১৯ সালের ১৭ জানুয়ারি দশম জাতীয় সংসদ না ভেঙেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তখন এ আদেশ দেন।
এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

তারও আগে ২০১৯ সালের ৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তাওহীদের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নোটিশে বলা হয়েছিল, সংবিধানের ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থি।

নোটিশের কোনো জবাব না পাওয়ায় ওই বছরের ১৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিট করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা