প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৭:১২ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ১৭:২৯ পিএম
ঢাকেশ্বরী জাতীয় মন্দির। ছবি : সংগৃহীত
ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ২০০ ভরি সোনাসহ টাকা চুরির মামলায় তিন আসামিকে আলাদা দুই ধারায় চার বছর করে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে তাদের আরও চার মাস কারাগারে থাকতে হবে।
সোমবার (৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মনির হোসেন, গরীব উল্লাহ ওরফে আসলাম ও মনিরুল। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর আসামি শাহ আলম, সবুজ আহম্মেদ ও সেলিমকে খালাস দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী আতিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করে জানান, দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় আসামিদের চার বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০১১ সালের ৮ জানুয়ারি রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্ধর্ষ চুরি হয়। এতে প্রায় ২০০ ভরি সোনা, চার লাখ ৬০ হাজার টাকা ও পাঁচ-ছয় ভরি রুপা চুরি হয়। ঘটনার পরদিনই রাজধানীর চকবাজার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন মহানগর পূজা উদযাপন কমিটির তৎকালীন সভাপতি বীরেশ চন্দ্র সাহা।
মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফ হোসেন। পরের বছর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ২৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।