প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১৪:২১ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৩ ১৪:৩৩ পিএম
রাজধানীর সড়কে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে রিট। ছবি : সংগৃহীত
রাজধানীর রাস্তায় বা মহাসড়কে গরুর হাট না বসিয়ে খোলা জায়গা বা খেলার মাঠে বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে পশু ক্রেতা-বিক্রেতার কাছ থেকে হাসিল কাটার নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার (৫ জুন) জনস্বার্থে রাজধানীর মতিঝিলের বাসিন্দা মোহাম্মদ আরিফুর রহমানের পক্ষে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। তিনি প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই মেয়রকে রিটে বিবাদী করা হয়েছে।
ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
গত ২৪ মে কোরবানির পশুর হাটে পশু কেনার পর ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে হাসিল নেওয়ার নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। ওই রিটেও স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।