× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবির আবেদন হাইকোর্টে খারিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৩ ১৭:৫৭ পিএম

রবির আবেদন হাইকোর্টে খারিজ

বিচারিক আদালতে জবাব দাখিলের আদেশের বিরুদ্ধে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৯ মে) এ আদেশ দেন। 

এতে করে প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদের ২২৭ কোটি টাকা দাবি করে দায়ের করা মামলায় রবি কর্তৃপক্ষকে জবাব দাখিল করতেই হবে বলে প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম। 

আদালতে রবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোহান চৌধুরী। 

আদেশের পর ব্যারিস্টার হাসান এম এস আজিম বলেন, রবি আজিয়াটা লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির কাছে ২২৭ কোটি টাকা দাবি করে মামলা করেন। পরে আদালত রবি কর্তৃপক্ষকে জবাব দাখিলের নির্দেশ দেন। কিন্তু রবি মামলার জবাব আদালতে দাখিল না করে হাইকোর্টে রিভিশন আবেদন করেন। আবেদনে জবাব না দাখিলের নির্দেশনাও চাওয়া হয়। শুনানি শেষে হাইকোর্ট রবির আবেদন খারিজ করে দিয়েছেন। এর ফলে রবি কর্তৃপক্ষকে আদালতে জবাব দাখিল করতে হবে।

গত বছরের ২২ আগস্ট মাহতাব উদ্দিন আহমেদ এ সংক্রান্ত মামলাটি করেন। এই টাকা তিনি চেয়েছেন অবসর-সুবিধা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির ক্ষতিপূরণ বাবদ। ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন। এতে রবি আজিয়াটা ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। 

২০১০ সালে মাহতাব উদ্দিন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে রবিতে যোগ দেন। ২০১৬ সালে হন সিইও। পরে ২০২১ সালে তিনি পদত্যাগ করেন।

আইনজীবী হাসান এম এস আজিম বলেন, মাহতাব উদ্দিন ২০২১ সালের ২ আগস্ট পদত্যাগপত্র জমা দেন, যা একই বছরের ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। রবির পরিচালনা পর্ষদ সে বছরের ৫ আগস্ট শর্তহীনভাবে সে পদত্যাগপত্র গ্রহণের কথা এক চিঠিতে তাকে জানায়। এর মধ্যে আকস্মিকভাবে রবি মাহতাব উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালের একটি আর্থিক লেনদেনের বিষয়ে ওই বছরের ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিস পাঠায়। এরপর ২০২২ সালের ২২ মে রবি তাকে চাকরিচ্যুতির নোটিস দেয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা