প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩ ১১:৫২ এএম
আপডেট : ২৫ মে ২০২৩ ১২:১৫ পিএম
মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। ফাইল ফটো
ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুর খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের রিভিউ আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৫ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
ফালুর পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৭ সালে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালুকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে আশুলিয়া থানার এসআই মো. ইসমাইল হোসেন দুদক আইনে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য থাকাকালে সরকারিভাবে গরিব মানুষের জন্য ৪ লাখ টাকার টিন বরাদ্দ হয়। তিনি ত্রাণের এসব টিন বিতরণ না করে তার লোকজনের মাধ্যমে আত্মসাৎ করেন। পরে মামলার শুনানি শেষে ঢাকার ৬ নম্বর স্পেশাল জজ সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করে ২০০৮ সালের ২ জুন রায় দেন। রায়ে নিম্ন আদালত ফালুকে পাঁচ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন ফালু। আপিলের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১৩ সালের ২২ মে তাকে বেকসুর খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। আপিলের শুনানি গ্রহণ করে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ।