প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১২:৫৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৩:১০ পিএম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে নিয়োগের আইন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল জারি করেন। মঙ্গলবার (২৩ মে) রিটকারীর আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়ার বীর মুক্তিযোদ্ধা নবাব আলীর দায়ের করা রিটের শুনানিতে আদালত এ রুল জারি করেন। একই সঙ্গে নবাব আলীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে জামুকার দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। তাকে বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রিটে আইনসচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।