নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ২১:৩৬ পিএম
আপডেট : ১৭ মে ২০২৩ ২১:৫০ পিএম
আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন। সংগৃহীত ফটো
নরসিংদীর বেলাবো উপজেলায় সাবেক এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে নিলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
মঙ্গলবার (১৬ মে) রাত ১২টার দিকে ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলার পর রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, নরসিংদীর জেলা জজের বিচারক বেগম মেহেরুন্নেসার আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই প্রধান শিক্ষক ২৪ এপ্রিল সকালে ওই ছাত্রীর মোবাইল ফোনে কল করে তাকে বাসায় খাওয়ার জন্য দাওয়াত দেন। দুপুরে ছাত্রী সেখানে যাওয়ার পর দেখতে পায় বাসায় আর কেউ নেই। তখন প্রধান শিক্ষক তাকে একা পেয়ে কুপ্রস্তাব দেন এবং অশালীন আচরণ করেন। এসব কথোপকথন ছাত্রী নিজের মোবাইল ফোনে রেকর্ড করে রাখেন। পরে কৌশলে ছাত্রী ওই বাসা থেকে বেরিয়ে আসেন। পরে অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এর আগে ছাত্রীকে প্রধান শিক্ষকের কুপ্রস্তাব দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর ছাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে থানায় গিয়ে মামলা করেন।
এ ঘটনায় ওই শিক্ষকের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুরে বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্টান্ডে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ বলেন, ’ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওর বিষয়টি এক মাস আগের। তবে গত সোমবার রাতে এটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই ছাত্রী পরিবারের সদস্যদের নিয়ে থানায় এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’