প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৩:২৮ পিএম
হেফাজতে ইসলামের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমীকে রাজধানীর পল্টন থানায় নাশকতার এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৭ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী দেলোয়ার হোসেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারা দেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অভিযোগে দায়ের হওয়া মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে দুই মামলায় রুল খারিজ করে জামিন দেননি হাইকোর্ট। অপর এক নাশকতার মামলায় জামিন দিয়েছেন।