প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১২:০৫ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১২:২৬ পিএম
হাইকোর্ট ভবন। ফাইল ছবি
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ইয়ানাতকে পার্কে ঢুকতে না দেওয়ার ঘটনায় রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। শাখা সহকারি মুজিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিটে পাবলিক প্লেস, শপিং সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার এবং অবাধ চলাচলের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। একইসঙ্গে সব পার্কে প্রতিবন্ধী শিশুদের ৫০ শতাংশ খরচে রাইডে উঠতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে।
রিটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, রংপুরের মেয়র, রংপুরের জেলা প্রশাসকসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।
গত ২৬ এপ্রিল রংপুরের চিকলি ওয়াটার পার্কের কিডস জোনে হুইল চেয়ারসহ মেয়েকে নিয়ে ঢুকতে গেলে রিজা রহমানকে ঢুকতে দেওয়া হয়নি। পরে ৩ মে রিজা মেয়েকে নিয়ে রংপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান।
গত ২৭ এপ্রিল রিজা রহমান রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে লিখিতভাবে অভিযোগ করেন। এতে তিনি পার্কসহ বিনোদনের বিভিন্ন জায়গায় হুইল চেয়ার নিয়ে যাতে যাওয়া যায়, এ ধরনের নির্দেশনা টানানোর আবেদন জানান।
শিশুটির মা জানান, গত ২৬ এপ্রিল মেয়েকে আনন্দ দেওয়ার জন্য চিকলি ওয়াটার পার্কে নিয়ে যান তিনি। টিকিট কেটে মা ও মেয়ে পার্কের ভেতরে ঢোকেন। কিডস জোনের জন্যও আলাদা ১০০ টাকা দিয়ে টিকিট কাটেন। তবে সেখানে ঢুকতে গেলে নিরাপত্তাকর্মী জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভেতরে হুইল চেয়ার নিয়ে ঢোকা যাবে না। পাঁচ মিনিট পর ওই কর্মী জানান, হুইল চেয়ার নিয়ে ভেতরে ঢোকার জন্য কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি।
রিজা রহমান বলেন, ‘কর্মীর সেই কথা শুনে আমি মোবাইলের ক্যামেরা চালু করি। ভিডিওতে বলতে বলি কেন হুইল চেয়ার নিয়ে আমি ভেতরে ঢুকতে পারব না। আমি টিকিট কেটেছি। কোনো বিধিনিষেধ থাকলে টিকিট নিলেন কেন? তখন ওই কর্মী টিকিট ফেরত দিতে বলেন।’
১১ বছরে পা রাখা আল আয়মান ইয়ানাত সেরিব্রাল পালসিতে আক্রান্ত। ইয়ানাত মা-বাবার একমাত্র সন্তান, পরিবারের সঙ্গে রংপুরে থাকেন।