সিলেট অফিস
প্রকাশ : ০৮ মে ২০২৩ ২১:৪৭ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ২২:৩৮ পিএম
প্রতীকী ছবি
কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখা নিয়ে সিলেটের জকিগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ৬৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ মে) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জকিগঞ্জ আদালত পুলিশের নিবন্ধন কর্মকর্তা বা জিআরও বাসু দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারের বরাতে তিনি জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখা নিয়ে জকিগঞ্জের কালিগঞ্জে পুলিশের ওপর হামলা হয়। সেই সময় হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। সংঘর্ষে পুলিশ-জনতাসহ ৩৫/৪০ জন আহত হন।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করে। তদন্ত শেষে ১৭৪ জনকে অভিযুক্ত করে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। অভিযোগপত্র দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।