প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৩ পিএম
স্ত্রী ও নয় মাসের মেয়েকে হত্যার ঘটনায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাজমুল হাসানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বুধবার (১৪ সেপ্টেম্বর) মামলার ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামির আপিল খারিজ করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডিত নাজমুল হাসান উপজেলার আশ্বিনপুর গ্রামের বড় বৈদ্যবাড়ির নুরুল আমিনের ছেলে। ২০১০ সালের ১৯ জুলাই রাত সাড়ে ১১টায় নাজমুল প্রথমে স্ত্রীকে হত্যা করেন। পরে মেয়ে কান্নাকাটি করলে তাকেও একই কায়দায় হত্যা করে মরদেহ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে পুঁতে রাখেন। পরে ২৪ জুলাই মেয়ের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন নাজমুলের শ্বশুর আবুল কাশেম।
জিডির পর ওইদিনই নাজমুলকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে স্ত্রী হোসনে আরা ও মেয়ে নাজনিনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন নাজমুল। তার স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান একই বছরের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।
প্রায় সাত বছর বিচার প্রক্রিয়া শেষে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ নাজমুলকে মৃত্যুদণ্ড দেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আপিল করেন আসামি নাজমুল। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
প্রবা/আরএম/ এসআর