× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার গাড়িবহরে হামলা

বিএনপির সাবেক এমপি হাবিবসহ চারজনের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১২:২১ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৪:৩৪ পিএম

বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রবা ফটো

বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রবা ফটো

সাতক্ষীরায় দুই দশক আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরও ৪৪ জন আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ দুই মামলার রায় ঘোষণা করেন। ১২ এপ্রিল যুক্তিতর্ক শুনানি শেষে মামলা দুটি রায়ের পর্যায়ে আসে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চু, কলারোয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনজু ও বিএনপি নেতা রিপন।

সাত বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, মৎস্য দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্যা, কলারোয়া পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম, বিএনপি নেতা মফিজুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ, বিএনপি নেতা আব্দুস সামাদ, বিএনপি নেতা হাসান আলী, কলারোয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, বিএনপি নেতা ময়না, বিএনপি নেতা আব্দুস সাত্তার, কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ মঞ্জুর রোমেল, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, যুবদল নেতা মাজাহারুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা আব্দুর রব, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুগীখালী ইউপি চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কলারোয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুস সাত্তার, যুবদল নেতা রিংকু, যুবদল নেতা আব্দুস সামাদ, বিএনপি নেতা আলাউদ্দীন, যুবদল নেতা আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুর রহমান সনজু, ছাত্রদলের সহসভাপতি নাজমুল হোসেন, বিএনপি নেতা সাহাবুদ্দিন, সাহেব আলী, সিরাজুল ইসলাম, যুবদল নেতা টাইগার খোকন, ট্রলি সহিদুল, বিএনপি নেতা কনক, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন, যুবদল নেতা মনিরুল ইসলাম, ইয়াছিন আলী, পৌরসভা বিএনপির সহসভাপতি আখলাকুর রহমান শেলী, বিএনপি নেতা শাহিনুর রহমান, বিদার মোড়ল, যুবদল নেতা সোহাগ হোসেন, বিএনপি কর্মী মাহাফুজার রহমান মোল্যা, জামায়াত কর্মী গফ্ফার গাজী ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহাফুজুর রহমান সাবু।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের কৌঁসুলি আব্দুল লতিফ, অতিরিক্ত কৌঁসুলি ফাহিমুল হক কিসলু ও আব্দুস সামাদ।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান পিন্টু, আব্দুল মজিদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা পারভিন বকুল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল লতিফ প্রতিদিনের বাংলাদেশকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামিদের মধ্যে কারাগারে থাকা ৩৭ জনকে রায়ের সময় আদালতে হাজির করা হয়। জামিনে থাকা একজনও আদালতে হাজির ছিলেন। ১০ আসামিকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে। বিচার চলাকালে মৃত্যু হয় দুজনের।

আইনজীবী আব্দুল লতিফ বলেন, ‘এটি একটি যুগান্তকারী রায়। এতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।’

আসামিপক্ষের কোনো আইনজীবী রায় নিয়ে কথা বলতে রাজি হননি। সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনদের বক্তব্যও নিতে দেয়নি পুলিশ। তা ছাড়া রায়ে অসন্তোষ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পুলিশ বিক্ষোভ থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ছাড়া সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের স্বজনদের কান্নাকাটি ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ : ধর্ষণের শিকার এক নারীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তিরা শেখ হাসিনাকে লক্ষ করে গুলি করেন এবং বোমা বিস্ফোরণ ঘটান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় শেখ হাসিনার গাড়িবহরে থাকা ১২ নেতা-কর্মী আহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা