প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১২:৫৮ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৩:১১ পিএম
আওয়ামী লীগ নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতি। ছবি: সংগৃহীত
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (১৬ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এ দিন প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইয়াছিন শিকদার। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়।
এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি নামের এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।