চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৪:৫৮ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১৫:০৮ পিএম
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া চার আসামিকে নিয়ে যাচ্ছে ডিবি পুলিশ। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন শিবগঞ্জের মর্দনা এলাকার তেতুলিয়া গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়া গ্রামের মোহাম্মদ শহীদ, একই গ্রামের তসিকুল ইসলাম ও ঘুনপাড়া গ্রামের মোহা. মুকুল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা মর্দনার চকপাড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রবিউল। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন।’
তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ সাক্ষ্য-প্রামাণ শেষে আজকে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়।’