বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২৩:৩৯ পিএম
এ কে এম এ আউয়াল ও লায়লা পারভীন। প্রবা ফটো
দুর্নীতির মামলায় সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে পৃথক তিনটি মামলায় আউয়াল দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আউয়াল পিরোজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। এ সময়ে তার দুজনই আদালতে উপস্থিতি ছিলেন।
অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এ কে নূর উদ্দীন আহম্মেদ।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে খাস জমি দখলের অভিযোগে দুদক তাদের বিরুদ্ধে তিনটি মামলা করে। ওই মামলা বর্তমানে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতে রয়েছে। আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। পরে মামলার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছেন। এর মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়েছে।
মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ বলেন, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা করেন। তিনটি মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীকে আসামি করা হয়।
এর মধ্যে একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীন নিজের নাম লায়লা ইরাদ উল্লেখ করে ২০১৪ সালের ২৫ আগষ্ট নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি মৌজায় সরকারি ভিপি ৫ শতাংশ জমি ইজারা নেন। ইজারা নেওয়ার আবেদন পত্রে লায়লা ইরাদের স্বাক্ষর ছিল। ইজারার চুক্তি অনুযায়ী আধা-পাকা ভবন নির্মানের কথা থাকলেও দ্বিতল ভবন করে এ কে এম আউয়াল ফাউন্ডেশন ও পাঠাগারের নামে অবৈধভাবে দখলে রেখেছেন। ২০২১ সালের ২২ এপ্রিল দুদক কর্মকর্তা আলী আকবর স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দিয়েছেন।
একই কর্মকর্তার করা দ্বিতীয় মামলায় অভিযোগ আনা হয়, এ কে এম আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পিরোজপুর সদরে রাজার পুকুরের জমি স্ত্রী লায়লা পারভীনের পরিবর্তে লায়লা আউয়াল উল্লেখ ৪৪ শতাংশ জমি উভয়ের নামে নেন। পরে পুকুর ভরাট করে অবৈধভাবে সীমানা প্রাচীর দিয়ে দখলে নেন। একই কর্মকর্তা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে এই মামলার চার্জশীট জমা দেন।
দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালীন সময়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাঠি পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের পাশে বৈঠাকাঠি মৌজায় ৩ শতাংশ খাস জমি স্ত্রী লায়লা পারভীনের নামে নিয়ে দ্বিতল ভবন করে মাসিক ১৭ হাজার ২৫০ টাকা চুক্তিতে ভাড়া দিয়েছেন। এ মামলায় একই কর্মকর্তা ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে চার্জশীট জমা দিয়েছেন।