প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৪২ পিএম
দণ্ডিত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদ
অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজাপ্রাপ্ত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে ৩০ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৫ এপ্রিল) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।
আদালতে বজলুর রশীদের পক্ষে শুনানি করা ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৩ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের সাজা দেওয়া হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা দেন।
একই বছরের ২ নভেম্বর কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন বজলুর রশীদ। পাশাপাশি জামিন আবেদন করেন। পরদিন ৩ নভেম্বর তা শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।