নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:৪১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:৩৮ পিএম
আদালতের রায়ের পর আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। প্রবা ফটো
নাটোরের সিংড়ায় কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ১০ বছর পর ছয়জনের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-নাটোরের ধানাইদহ গ্রামের সাব্বির আহমেদ, জামাইদিঘা গ্রামের রেজাউনুল ওরফে রাব্বি, নাছিয়ার কান্দি গ্রামের নাজমুল হক, মহিষমারী মৃধা পাড়া গ্রামের রাজিবুল হাসান, দেবোত্তর গ্রামের রিপন ও কলম মির্জাপুর গ্রামের শহিদুল।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-মহিষমারী গ্রামের মনিরুল ইসলাম, কলম মির্জাপুর গ্রামের আতাউল ইসলাম, একই গ্রামের খায়রুল ইসলাম এবং রেজাউল করিম।
নাটোর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাতে তিনি জানান, ২০১২ সালে আসামি সাব্বির পূর্ব পরিচয়ের সূত্রে ওই কলেজ ছাত্রীকে অপহরণ করে সিংড়া পৌরশহরের পেট্টোবাংলা এলাকায় একটি ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপর আসামি রাব্বি অবস্থান করছিল। রাত সাড়ে ৯টার দিকে অন্য আসামিদের সহায়তায় ওই ছাত্রীকে সিংড়া উপজেলার কলম মির্জাপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে তারা ওই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনায় ওই ছাত্রীর চাচা বাদি হয়ে সিংড়া থানায় ধর্ষণ মামলা করেন। দীর্ঘ ১০ বছর ধরে মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।