× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে কমিটি গঠনের নির্দেশ আদালতের

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২২ ১৮:৫৩ পিএম

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে কমিটি গঠনের নির্দেশ আদালতের

পদ্মা সেতু প্রকল্পে ‘দুর্নীতির মিথ‌্যা গল্প’ বানানোর নেপথ‌্যে থাকা ‘ষড়যন্ত্রকারীদের’ খুঁজে বের করতে সরকারকে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত আগামী ৩০ দিনের মধ্যে এই কমিশন গঠন করতে বলেছেন। একই সঙ্গে দুই মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, আইন, বিচার সচিব, দুদক চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

পাঁচ বছর আগে জারি করা রুলের শুনানির পর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশন-দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে আগামী ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই কমিটিকে এ বিষয়ে তদন্ত করে আগামী ২৮ আগস্টের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছেন, যারা বিশ্বব্যাংককে প্রভাবান্বিত করে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল তাদের খুঁজে বের করতে হবে। এবং ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করতে হবে।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন এবং দোষীদের বিচারের আওতায় আনতে রুল জারি করেন হাইকোর্ট।

২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাবে ‘ইউনূসের বিচার দাবি: আওয়ামী লীগ ও সমমনা দলগুলো একাট্টা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন পত্রিকার সংবাদ নজরে নিয়ে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন।

রুলে প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে ‘ইনকোয়ারি অ্যাক্ট ১৯৫৬ (৩ ধারা)’ অনুসারে কমিশন গঠন এবং দোষীদের কেন বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং আইজিপিকে রুলের জবাব দিতে বলা হয়।

পাশাপাশি এ কমিটি বা কমিশন গঠনের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে ব্যাপারে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা