প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:৩০ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৫:৩৩ পিএম
সুলতানা জেসমিনের মৃত্যু তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে রাজধানীর লালমাটিয়ায় আসকের সংবাদ সম্মেলন। প্রবা ফটো
র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় চার দফা দাবি জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র-আসক।
বুধবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় আসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক নুর খান লিটন এ দাবি জানান।
আসকের নির্বাহী পরিচালক বলেন, পুলিশের কার্যক্রম র্যাবের ওপর বর্তায় না। কোনো ধরনের পূর্ব অভিযোগ ছাড়া সুলতানাকে গ্রেপ্তারের কোনো এখতিয়ার র্যাবের ছিল না। এমনকি তাকে গ্রেপ্তারের আগে এবং পরের বিষয় কোনো কিছুই স্থানীয় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়নি।
তিনি বলেন, র্যাব হেফাজতে সুলতানার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
নুর খান লিটন আরও বলেন, র্যাবের হেফাজতে সুলতানার মৃত্যুর ঘটনার পর থেকে বাহিনীটি নানা ধরনের বক্তব্য দিয়ে আসছে। এর আগেও র্যাবের হাতে এমন অনেক ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ২০১৪ সালে শাহানুর নামে এক ব্যক্তি র্যাব হেফাজতে মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই সময় পুলিশ মামলা নিতে না চাইলে ভুক্তভোগীর পরিবার আদালতের ধারস্থ হয়। ওই ঘটনায় যে বিচারক অভিযোগটিকে এফআইআর হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পরবর্তীতে তাকে কয়েক ঘণ্টার মধ্যে বদলিসহ আদালতের দেওয়া নির্দেশনাও পরিবর্তন করা হয়।’
এই মানবাধিকার কর্মী প্রশ্ন রেখে বলেন, কোনো ধরনের অভিযোগ ছাড়াই র্যাব কীভাবে গ্রেপ্তার করল? আবার ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশনা থাকলেও সেটি করা হয়নি কেন?
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন ছাড়াও আসকের অন্য দাবিগুলো হলো- অপরাধীদের চিহ্নিত করা, সুলতানার ছেলে শাহেদকে র্যাব ক্যাম্পে নেওয়ার কারণ খুঁজে বের করা, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারকে চাপ প্রয়োগের অভিযোগ খতিয়ে দেখা।
এ ছাড়া সুলতানার পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরন দেওয়ার দাবি জানায় সংস্থাটি।