লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২০:৩৪ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ২০:৪৫ পিএম
লালমনিরহাট জেলা জজ আদালত ভবন। সংগৃহীত ফটো
২০১৮ সালে গ্রেপ্তার হওয়া জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জিএমবি) ৫ সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ মাস কারাভোগ করতে হবে।
বুধবার (১ মার্চ) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মিজানুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর মুসরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হোসেন আলী লাল ও তার ভাই আবু নঈম মিস্টার, নতুন কৈটারী মুনিরাবাদ এলাকার আব্দুল জলিলের ছেলে আসমত আলী ওরফে লাল্টু, একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেন ও চরভোটমারী এলাকার মুনছার আলীর ছেলে শফিউল আলম সাদ্দাম।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজমল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করেছি। তাদেরকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯ ও ১৩ ধারামতে সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।’
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের মুসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বৈঠক করার সময় সাজাপ্রাপ্তদের আটক করেছিল র্যাব। তখন তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ফায়ারিং পিন, ১টি ম্যাগাজিন, ২টি গুলি, গান পাউডার ও ১৯৯টি জিহাদি বই জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।