প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৫ পিএম
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি পদ লাভজনক না-কি লাভজনক নয়—নতুন করে এখন এ বিতর্ক দেখা দিয়েছে। তবে রাষ্ট্রপতি পদ লাভজনক ধারণাটি একদমই অবান্তর ও অমূলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাষ্ট্রপতি পদ লাভজনক বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ধারণা অবান্তর ও অমূলক। রাষ্ট্রপতি লাভজনক কোনো পদ নয়।’
গত ১২ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগ দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয়। এই পদে একক প্রার্থী হওয়ায় ১৩ ফেব্রুয়ারি তাকে পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশন। বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল।
মো. সাহাবুদ্দিন এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ছিলেন। দুদক আইনে বলা আছে, দুদকের কোনো কমিশনার অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগের যোগ্য হবেন না। মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দুদক আইনের সূত্র ধরে রাষ্ট্রপতি পদ লাভজনক কি-না, এই প্রশ্ন তুলেছেন কেউ কেউ।