ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৮ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা ফের সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ছবি : প্রবা
ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে ফের সকল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় আদালত বর্জনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান সমিতির নেতারা।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ এবং জেলা জজ নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আদালত বর্জন করেছিলেন আইনজীবীরা। প্রথমে সকল আদালত বর্জন করলেও পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালত বর্জন অব্যাহত রেখে শর্তসাপেক্ষে বাকি আদালতগুলোর কার্যক্রমে অংশ নেন আইনজীবীরা। ৭ ফেব্রুয়ারির মধ্যে আইনজীবীদের দাবি পূরণ না হলে আবারও সকল আদালত বর্জনের কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছিল জেলা আইনজীবী সমিতি। তারই ধারাবাহিকতায় আজ ফের সকল আদালত বর্জনের কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঁইয়া বলেন, ‘সাধারণ সভায় উপস্থিত সকল আইনজীবীদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে। আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আগেই জানানো হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।’