প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৮ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির মহাসম্মেলন’ অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবী সহকারীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া সহজ হয়। আইনি সমস্যা সমাধানে তারা দীর্ঘকাল ধরে কর্মদক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে চলেছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির মহাসম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
তিনি বলেন, আইনজীবী সহকারীরা যথাযথ আইনি কাঠামোর মধ্য দিয়ে যেন দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ রাখতে হবে।
শিরীন শারমিন বলেন, বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শোষণ, বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।
‘এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা’—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ কথার উদ্ধৃতি দিয়ে স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধান কারও দান, অনুকম্পা বা কোনো সন্ধি-আলোচনার মাধ্যমে পাওয়া যায়নি।
তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সবার কাছে পৌঁছে দিতে পারলেই এ সংবিধান অর্থবহ হবে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের এই সময়ে ভার্চুয়াল আদালত এবং ই-জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনজীবী সহকারীদের আইটি ও আইসিটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে।
সমিতির সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম স্বাগত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী এবং রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল এবং সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরও বক্তব্য দেন।