প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ২১:৫৭ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১১:২৭ এএম
কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনা প্রধান হারুন-অর-রশিদ। সংগৃহীত ফটো
দুর্নীতির মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনা প্রধান হারুন-অর-রশিদকে চিকিৎসা এবং ওমরাহ পালনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। হারুনের আবেদনের শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৩ জানুয়ারি) এ আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রবিউল আলম বুদু ও দুদকের পক্ষে আইজীবী ছিলেন মো. খুরশীদ আলম খান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, হারুনের আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তাকে চার মাসের জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন। আদালতের জিম্মায় থাকা পাসপোর্ট নিয়ে তিনি বিদেশ যেতে পারবেন। তবে চার মাসের মধ্যে ফিরে এসে আবার পাসপোর্ট জমা দিতে হবে।
২০২২ সালের ১২ মে বিচারিক আদালতে এ মামলার রায় হয়। এতে হারুনকে চার বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। যা গত বছরের ৯ জুন আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। পরে গত বছরের ৩০ আগস্ট এ মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।
২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান থানায় ডেসিটিনির কর্তাব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের দুটি মামলা করেন।
তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। দুই মামলাতেই আসামি হারুন-অর-রশিদ।