প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৩:৫২ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৭:০০ পিএম
ফাইল ফটো
ডান্ডাবেড়ি ও হাতকড়ার ‘অপব্যবহার’ বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। একটি সুনির্দিষ্ট নীতিমালা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সরকার-সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) বিবাদী করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দীন আসাদ রবিবার (২২ জানুয়ারি) এ আইনি নোটিশ পাঠান।
প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে আসাদ উদ্দীন জানান, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ডান্ডাবেড়ি ও হাতকড়ার অপব্যবহার বন্ধ এবং এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা করার জন্য বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে প্রতিকার চাওয়া হবে মর্মে উল্লেখ করা হয়।
তিনি জানান, জাতীয় দৈনিক পত্রিকায় গত ২০ ডিসেম্বরে ছবিসহ একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে দেখা যায়, গাজীপুরে একজন আসামি ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন। এরপর ১৭ জানুয়ারি ছবিসহ আরেকটি সংবাদ প্রকাশিত হয়। সেখানেও দেখা যায়, শরীয়তপুরে আরেকজন আসামি একইভাবে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজায় অংশ নিয়েছেন। এ সময়ের মধ্যেই একজন আইনজীবীসহ কয়েকজনকে ডান্ডাবেড়ি পরিয়ে ঢাকার আদালতে নেওয়া হয়। এর কিছুদিন আগে আরেকজন আইনজীবীকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নেওয়া হয়। এসব ঘটনা পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অ্যাডভোকেট আসাদ উদ্দিন বলেন, কাছাকাছি সময়ে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, তানভীর হাসান তানু, প্রবীর শিকদার, শিল্পী জে কে মজলিস এবং কয়েকজন শিশুসহ অনেক আসামিকে হাতকড়া পরানোর ঘটনায় দেশজুড়ে সমালোচনা চলছে। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হাতকড়া ও ডান্ডাবেড়ির যথেচ্ছা ব্যবহার বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আইনি নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন আসাদ উদ্দিন, মীর এ কে এম নুরুন্নবী, মো. জোবায়দুর রহমান, মোহাম্মদ মিসবাহ উদ্দিন, আল রেজা মো. আমির, মো. রেজাউল ইসলাম, কে এম মামুনুর রশিদ, মো. আশরাফুল ইসলাম, শাহীনুর রহমান প্রমুখ।