প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩৬ মিনিট আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরী। ফাইল ছবি
ঢাকার পল্লবী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন তছলিম চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. লিয়াকত হোসেন।
আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়, তছলিম চৌধুরী মোহনা টেলিভিশনের সাবেক সিইও এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের একমাত্র সহচর ও বর্তমান ক্যাশিয়ার হিসেবে পরিচিত। তিনি বর্তমানে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি ও অর্থ জোগান দেওয়া এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়া ও বোমা নিক্ষেপসহ দলটির বিভিন্ন কার্যক্রমে মদদ ও অর্থ জোগানদাতা হিসেবে ভূমিকা পালন করছেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, মামলার ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তছলিম চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে। জামিন পেলে আসামির পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের স্বার্থে পরবর্তী সময়ে প্রয়োজনে তার রিমান্ডের আবেদন করা হবে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অজ্ঞাতপরিচয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উসকানি ও নির্দেশনায় আড়াই থেকে তিন হাজার দুষ্কৃতকারী লাঠিসোঁটা, কাঠের রোল, লোহার রড, পাইপ, ককটেল ও পেট্রোলের বোতলসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। নাশকতা সৃষ্টি, মহাসড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশের একটি সরকারি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে সহকারী পুলিশ কমিশনার (এসি-পল্লবী জোন) ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের আহত করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার দিন পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের অংশবিশেষ এবং একটি দুই লিটারের প্লাস্টিকের বোতলে দুই লিটার পেট্রোল জব্দ করে।
এ ঘটনার পরদিন পুলিশের পক্ষ থেকে বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক ধারায় পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়।