প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মিনিট আগে
শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে রিমান্ডের এই আদেশ দেয়। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে সুইডেন আসলামকে আদালতে আনা হয়। এরপর পৌনে পাঁচটার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্য গ্রেপ্তার ও পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
গত ২৮ এপ্রিল রাত আনুমানিক পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলার পাকা সড়কে টিটনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, নিহত টিটন গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি জামিনে মুক্তি পেয়ে হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। তিনি নতুন করে ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা (শিডিউল) কেনার প্রক্রিয়া চালাচ্ছিলেন।
এজাহারে অভিযোগ করা হয়, গরুর হাটের এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। গত ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে জানান, প্রতিপক্ষ তাকে সমঝোতার জন্য ডেকেছে।
পরদিন ২৮ এপ্রিল শাহনেওয়াজ হোস্টেলের সামনে মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ ৫ থেকে ৭ জনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তার ডান কান, বাঁ ভ্রু, পিঠ, বাঁ হাত ও বগলের নিচে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকায় এসে ২৯ এপ্রিল ভোরে হাসপাতালের মর্গে ভাইয়ের লাশ শনাক্ত করেন।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি রাজধানীর ইন্দিরা রোডে বেড়ে ওঠেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান।