× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে

মাসুদুল হাসান

প্রকাশ : ২০ মিনিট আগে

আদলতে আইনজীবীরা। ছবি: বিবিসি বাংলা

আদলতে আইনজীবীরা। ছবি: বিবিসি বাংলা

২০১৮ সালে একটি ফৌজদারি মামলায় রাজধানীর ডেমরা থেকে পাঁচ কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। বছরখানেকের মধ্যে চারজনের জামিন হলেও কিশোর ফজলে রাব্বী আরও প্রায় ছয় বছর কারাগারে বন্দি থাকে কতিপয় আইনজীবীর প্রতারণার কারণে। তারা রাব্বীর জামিনের আশ্বাস দিয়ে তার পিতা মালয়েশিয়াপ্রবাসী বাবুল মিয়ার কাছ থেকে এই কয়েক বছরে প্রায় ছয় লাখ টাকা নেন। নানা অজুহাতে সময় নষ্ট করেন। অবশেষে ২০২৫ সালের মে মাসে অন্য এক আইনজীবীর মাধ্যমে জামিন হয় এই কিশোরের। কিন্তু প্রতারণায় যুক্ত আইনজীবীদের কারও বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নিতে পারেনি রাব্বীর পরিবার।

চলতি বছর যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একাধিক রিট করেন মোহাম্মদ নুর আলম। এসব রিট করার সময় আগের মামলার তথ্য গোপন করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক রিট করে তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর রিটকারী নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

দেখা যাচ্ছে, নিম্ন আর্থ সামাজিক অবস্থার কারণে প্রথম ঘটনায় প্রতারণার শিকার পরিবারটি কোনো প্রতিকার পায়নি। দ্বিতীয় ঘটনায় প্রতিকার মেলার পাশাপাশি এই সত্য উঠে এসেছে যে, আইন-আদালত প্রাঙ্গণেও নানা প্রতারণা ঘটছে।

এমন উদাহরণ আরও আছে। যেমনÑ ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান একটি মামলার নথিতে জালিয়াতি করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় আদালত থেকে মামলার ফাইল দেখার সুযোগ নিয়ে নালিশি দরখাস্ত ও তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে বসানো হয়েছে অন্য একজনের নাম। এ ঘটনায় মামলার বাদী মো. নূরে আলমকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। গত ৮ নভেম্বর জালিয়াতির এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতের বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অথচ কিছুদিন আগেই আইনমন্ত্রী বলেছেন, আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার কোনো শর্টকাট পথ নেই। মেধা, প্রজ্ঞা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন আইনজীবীকে নিজের অবস্থান তৈরি করতে হবে। কিন্তু এর উল্টো পথে হাঁটছেন কিছু আইনজীবী।

এ প্রসঙ্গে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “অ্যাডভোকেটশিপ পাওয়ার সময় জীবিকানির্ভর নয়, বরং ইতিবাচক পেশাগত মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। মেধা যদি জীবিকানির্ভর হয়, তাহলে মানুষ অনৈতিক পথে পা বাড়াতে পারে। এ জন্য গুরুত্বপূর্ণ হলো, আইনজীবী পরিচয়ের পরিবর্তে অ্যাডভোকেট হিসেবে নিজেকে বিকশিত করা”।

প্রতারণার শাস্তি কী

অ্যাডভোকেটদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা যায়, কোনো আইনজীবীর বিরুদ্ধে পেশাগত অসদাচরণ বা প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে বার কাউন্সিলের ট্রাইব্যুনাল তাকে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি দিয়ে থাকেন। অপরাধের মাত্রা কম হলে সতর্ক বা তিরস্কার কিংবা নির্দিষ্ট সময়ের জন্য আইন পেশা পরিচালনার লাইসেন্স বা সদস্যপদ স্থগিত রাখা হয়। কিন্তু গুরুতর অপরাধ বা পেশাগত অসদাচরণের দায়ে সনদ স্থায়ীভাবে বাতিল বা বহিষ্কার করা হতে পারে। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজিয়া শারমিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আদালতের প্রতি শ্রদ্ধা ও আস্থার জায়গায় ঘাটতি হলেই লেনদেনের ঘটে থাকে। এখানে ক্লায়েন্ট ও আইনজীবী উভয়পক্ষেরই দায় আছে”।

বার কাউন্সিলের সাবেক সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা জানান, কোনো আইনজীবী পেশাগত অসদাচারণ করলে বার কাউন্সিল অর্ডিন্যান্সের আওতায় তার বিচার করা হয়। বার কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের কাছে আবেদন দিতে হয়। তিনি তা যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে পাঠান বা অ্যাটর্নি জেনারেলসহ অন্যদের সঙ্গে বসে সেটার নিষ্পত্তি করেন। ‍সুষ্ঠুভাবে বার কাউন্সিল প্রতিনিধি নির্বাচন করতে পারলে আইনজীবীদেরও সুন্দরভাবে পরিচালনা করা যাবে।

এ প্রসঙ্গে জেষ্ঠ্য আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “বার কাউন্সিল যতদিন সক্রিয় না হবে, তত দিন আইনজীবীদের এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যাবে না। ভোটের রাজনীতির কারণে প্রভাবশালী জ্যেষ্ঠ আইনজীবীরাও এসব ক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখেন না। এ সমস্যা সমাধানের জন্য দল-মত নির্বিশেষে নিরপেক্ষভাবে বার কাউন্সিলকে ভূমিকা রাখতে হবে, ক্ষমতা প্রয়োগ করতে হবে”।

একই প্রসঙ্গে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “জুডিসিয়ারির দুটি ডানাই যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তা সঠিকভাবে চলতে পারে না। গত ১৭ বছর সারা বাংলাদেশে অনেক অবক্ষয় হয়েছে, বিচার বিভাগেও কিছু অবক্ষয় হয়েছে। আমরা চেষ্টা করছি এগুলো মেরামত করতে। আমার মতে, যত তাড়াতাড়ি সম্ভব বার কাউন্সিলের নির্বাচন হওয়া দরকার। তাহলে ধীরে ধীরে বিষয়গুলো সমাধান করা যাবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা