× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের মতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ১৫ মিনিট আগে

জোনায়েদ আবদুর রহিম সাকি। ছবি: সংগৃহীত

জোনায়েদ আবদুর রহিম সাকি। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৬ (পিপিআর-২০২৬) চূড়ান্ত করার আগে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে রাজধানীতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য যত দ্রুত সম্ভব পরামর্শ গ্রহণের প্রক্রিয়া শেষ করে নতুন বিধিমালা প্রণয়নের কাজ এগিয়ে নিতে হবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলনকক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী।

প্রতিমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে উদ্ভাবনী উদ্যোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কার্যকর সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকার বিচ্ছিন্নভাবে কিংবা নিজ নিজ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে (সাইলোভিত্তিক) উদ্যোগ গ্রহণকে নিরুৎসাহিত করছে। প্রতিটি সরকারি সংস্থায় একটি সুসংগঠিত পরিকল্পনা ইউনিট থাকা প্রয়োজন, যারা দক্ষতার সঙ্গে যথাযথ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করতে পারবে। বর্তমানে ত্রুটিপূর্ণ ডিপিপি দাখিলের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সভায় বিপিপিএর পরিচালক শাহ ইয়ামিন উল ইসলাম প্রস্তাবিত পিপিআর-২০২৬-এর বিভিন্ন বিধান নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিসহ ৮০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

বিপিপিএর ওয়েবসাইটে প্রস্তাবিত বিধিমালাটি প্রকাশ করে সাধারণ মানুষের মতামত আহ্বান করা হবে। প্রতিমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, বিধিমালা চূড়ান্ত করার আগে আরও কয়েকটি পরামর্শ সভার আয়োজন করা হবে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ পাস হওয়ার পরিপ্রেক্ষিতে নতুন বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

আইএমইডি সচিব বলেন, বর্তমান সরকার দক্ষ ও আধুনিক আইন প্রণয়নের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। যৌক্তিক কিছু কারণে সরকার পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ সংশোধন করছে। এ সময় সরকারি ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার নৈতিকতার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি ক্রয়ের নয়টি মূলনীতির মধ্যে টেকসই ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ক্রয় ব্যবস্থায় টেকসই চর্চা প্রতিষ্ঠায় কাজ করছে বিপিপিএ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা