× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ মিনিট আগে

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

পল্টন মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের একটি মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পল্টন মডেল থানার ওই মামলায় মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী সংস্থা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিআইডি হেফাজতে আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কি না তা খতিয়ে দেখা, অপরাধ সংঘটনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না তা তদন্ত করা, সংঘর্ষের ঘটনায় নেতৃত্বদানকারী ও অন্যান্য আসামির পরিচয় উদ্ঘাটনসহ ঘটনার পেছনের পরিকল্পনা অনুসন্ধান এবং আহতদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য প্রবাসফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন। এ সময় উপস্থিত মুসল্লিরা বাধা দিলে আসামি রুহুল আমিনের নির্দেশে ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মামলার বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তিনি চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হন এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিদের মারধরে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা