× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামিসা হত্যা: হাইকোর্টের রায় আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

রামিসা। ফাইল ছবি

রামিসা। ফাইল ছবি

চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা আজ মঙ্গলবার।

১৯ দিনের মাথায় নিম্ন আদালতের ঐতিহাসিক রায়ের পর, এবার উচ্চ আদালতেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে যাচ্ছে।

দেশের ইতিহাসে দ্রুততম বিচার ও আইনি প্রক্রিয়ার এক নজির হয়ে থাকবে এই মামলা।

রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৭ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ। প্রতিবেশি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশুটিকে ধর্ষণ করে। অপরাধ আড়াল করতে রামিসাকে গলাকেটে হত্যা করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। নিজ ফ্ল্যাটে রামিসার মা পারভীন আক্তারের কানে শিশুর আর্তনাদ পৌঁছেছিল। কিন্তু সে আর্তনাদ যে নিজ সন্তানের, একথা তখন কল্পনাও করতে পারেনি মা।

এই রোমহর্ষক হত্যাকাণ্ডের খবর স্তব্ধ করে দেয় গোটা দেশকে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা ও ধর্ষণের মামলা দায়ের করেন। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্নাকে আটক করে। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ২১ মে প্রধান আসামি সোহেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আলোচিত এই মামলার তদন্ত দ্রুত শেষ করে পুলিশ। ঘটনার মাত্র ছয় দিনের মাথায় আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলা স্থানান্তরিত হয় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। পহেলা জুন অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ২ জুন মাত্র এক দিনেই সম্পন্ন হয় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ। আর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেয়। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্সের কপি ও আসামিদের জেল আপিল হাইকোর্টে পৌঁছায়। মামলার গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনায় নিয়ে হাইকোর্টে এর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উভয়পক্ষের চূড়ান্ত শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে রায়ের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। বিচারহীনতার সংস্কৃতি দূর করে স্বল্পতম সময়ে দেশের বিচার বিভাগ কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, এই মামলা তার অন্যতম দৃষ্টান্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা