আবদুল লতিফ সিদ্দিকী।
২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামিন আবেদন শুনানির সময় তৎকালীন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে এ দায় স্বীকার করেন লতিফ সিদ্দিকী।
বার্ধক্যের কারণে জামিন চেয়ে তিনি বলেন, “শাপলা চত্বরের ঘটনার সময় আমি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলাম। তৎকালীন দলের নেতা হিসেবে আমি আমার দায় স্বীকার করছি। তবে হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম না।”
আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়েও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, হেলমেট পরিয়ে জোর করে আদালতে আনা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।
ট্রাইব্যুনালে হাজির ১১ আসামি
শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের হাজির করা হয়। শুনানি শুরু হয় বেলা ২টায়।
আটজন আসামিকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয়। তবে সাবেক মন্ত্রী দীপু মনি, শাহরিয়ার কবির ও সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই হাজির করা হয়।
আদালতে হাজির অন্য আসামিদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, আবদুর রাজ্জাক, শামসুল হক টুকু, এ কে এম শহীদুল হক, আবদুল জলিল মণ্ডল, জিয়াউল আহসান ও মোজাম্মেল হক বাবু।
আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। পলাতক ৩০ আসামির মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। মামলায় মোট ৪১ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন।
এর আগে ১২ নভেম্বর প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার শুরুর আবেদন করেন।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, যার মধ্যে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
এদিকে পৃথক মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকেও সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।