অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন,দেশে ফিরেও শেখ হাসিনা যে আপিল করতে পারবেন না, এটি আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে। শেখ হাসিনাকে ফেরানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। এটি নিয়ে ইতোমধ্যে সরকার ও চিফ প্রসিকিউটর সবই পরিষ্কার করেছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ার ব্যাপারে ইতোপূর্বে যারা আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই অপব্যাখ্যা দেননি। সবাই আইনের কথাই বলেছেন এবং সবাই এক সুরেই কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে।
“আমার মনে হয় যে এটা আইন এবং আন্তর্জাতিক বিষয় এবং সরকারের পক্ষ থেকে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে-এটা নিয়ে কোন ধূম্রজাল কিংবা অপব্যাখ্যা কিংবা ভিন্নরকম ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই” যোগ করেন তিনি।
বিষয়টিকে আইন ও আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ উল্লেখ করে তিনি জানান, সরকারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কোনো তঞ্চকতা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তিরা আইনগতভাবে, পারস্পরিক বৈদেশিক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে সঠিক কথাই বলেছেন।
বিলম্বিত আপিল প্রসঙ্গে অতীত নজির টেনে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “আইন তো সবার জন্য একই। আইসিটি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি সময় উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলের ওপরে তারা আইসিটি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু সেই ক্ষেত্রে ‘ডিলে কনডোনেশন’ বা বিলম্ব মওকুফের বিষয়টি দেখেছেন।”
তিনি আরও বলেন, আইসিটি ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার ফলাফল কী হতে পারে, তার বড় উদাহরণ জনাব আবুল কালাম আজাদের মামলা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও আদালত সেই যুক্তি আমলে নেননি।
শেখ হাসিনা যদি এই মুহূর্তে দেশে ফিরতে চান তাহলে কোন পথে ফিরতে হবে? আইনগত প্রক্রিয়াটা কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “তিনি একজন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। তিনি যদি মনে করেন আইনের সামনে নিজেকে সোপর্দ করবেন, তবে আসতে পারেন। কিন্তু তাকে তো আইন মানতেই হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।”
সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন বরাবর যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে ওই আবেদন করা হয়। এরপর থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।