ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের একটি এজলাস থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাউসার মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে তিনি পালিয়ে যান।
আদালত সূত্র জানায়, রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে কাউসার মিয়াকে আদালতে আনা হয়। শুনানিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়েছিল। তবে আজ কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন। এরপর এজলাস থেকে আবার হাজতখানায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান তিনি।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।
আসামিকে হাজতখানা থেকে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আরাফাত বলেন, আসামি কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিল। তিনি আসামির ‘কাস্টডি’ আনতে আদালতের সামনের দিকে যান। এই সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে যায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় ১৭ বছর বয়সী কিশোরী আলোকে। এ ঘটনায় পরদিন আলোর বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তে নেমে ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাউসার।
জবানবন্দিতে কাউসার জানান, ঘটনার বছরখানেক আগে থেকে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে তিনি জানতে পারেন আলো অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। কথা বলতে চাইলেও আলো তাকে এড়িয়ে যেত। ২০২০ সালের ২০ জুলাই আলোদের বাসার সামনে অপেক্ষা করছিলেন কাউসার। রাত নয়টার দিকে আলো ঘর থেকে বের হয়ে বাথরুমে যায়। পরে বাথরুম থেকে বের হয়ে আলো ঘরে বালতি আনতে গেলে কাউসার তাকে আটকে কথা বলতে চান। আলো কথা বলতে রাজি না হওয়ায় চাকু দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেন তিনি।
মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র কর্মকার। পরবর্তীতে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ও বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আটক ছিলেন কাউসার।