কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুমার কুণ্ডুকে কারাগারের কনডেম সেলে রাখার বৈধতা এবং এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই রিট পিটিশন (নম্বর ১৫৯৭৫) দাখিল করা হয়।
রিটে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স), জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ঝিনাইদহ কারাগারের জেল সুপারকে বিবাদী করা হয়েছে।
রিট দাখিল শেষে আজ সোমবার বিকেল তিনটায় হাইকোর্ট এলাকার সোনালী ব্যাংক চত্বরে এক প্রেস ব্রিফিং করা হয়। সেখানে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর বলেন, সংবাদ সংগ্রহের সময় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক অরিত্র কুমার কুণ্ডুকে ‘মব’ সৃষ্টির মাধ্যমে মারধর করা হয়। পরে একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে গ্রেপ্তারের পর কারা কর্তৃপক্ষ তাকে কনডেম সেলে রাখে, যা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এর প্রতিকার চেয়ে এবং কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট করা হয়েছে। এর আগে গত ১ নভেম্বর এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠানো হয়েছিল।
বিএমএসএফের আইন উপদেষ্টা আইনজীবী কাওসার হোসাইন বলেন, বাংলাদেশের প্রিজন অ্যাক্ট বা জেল কোড অনুযায়ী সাজাপ্রাপ্ত বন্দী এবং বিচারাধীন বন্দী অবশ্যই আলাদা নির্ধারিত ওয়ার্ডে থাকার কথা। সাংবাদিক অরিত্র কুণ্ডু বিচারাধীন মামলার বন্দী হওয়ায় তাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত কনডেম সেলে রাখার কোনো আইনগত সুযোগ নেই। যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ দেওয়ার পরও তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে তারা আদালতের কাছে ন্যায়বিচারের প্রত্যাশায় রিট করেছেন।