× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী ও বাদীর বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম

আইনজীবী ও বাদীর বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগ

ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলমান এক মামলার নথিতে জালিয়াতি করে আসামির নাম পরিবর্তনের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। 

আদালত থেকে মামলার ফাইল দেখার সুযোগ নিয়ে নালিশী দরখাস্ত ও তদন্ত প্রতিবেদনে মূল আসামির নাম কেটে অন্য একজনের নাম বসিয়ে দেওয়ার ঘটনায় সেই মামলার বাদী মো. নূরে আলমকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

ঢাকার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে ঢাকার কোতোয়ালি থানায় রবিবার মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. শরীফ উদ্দিন ভূঁইয়া বলেন, আদালতের মূল নথি এভাবে ঘষামাজা ও কাটাকাটি করে পরিবর্তন করার বিষয়টি আদালতের নজরে আনার পর তার নির্দেশেই মামলা করা হয়েছে। একইসঙ্গে আসামি নূরে আলমকে কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলাটির শুনানির ধার্য তারিখে এ জালিয়াতির সূত্রপাত ঘটে। এর আগে ২০ সেপ্টেম্বর ওই মামলার শুনানির জন্য নথিটি আদালতে উঠলে মামলার বাদী মো. নূরে আলম নিজের প্রয়োজনে দেখার জন্য বেঞ্চ সহকারীর কাছ থেকে নথিটি নেন। পরে সন্ধ্যায় নথি গোছানোর সময় বেঞ্চ সহকারী দেখতে পান, নথির মূল নালিশী দরখাস্তে গুরুতর কাটাকাটি ও জালিয়াতি করা হয়েছে।

মামলার এজাহারে শরীফ উদ্দিন উল্লেখ করেন, বিচারাধীন সেই মামলার নালিশী দরখাস্তে টাইপ করা ২ নম্বর আসামি জুনায়েতের নাম-ঠিকানা পরিবর্তন করে হাতে লিখে সজিন হোসেন ওরফে বাবু, তার বাবা ও ঠিকানার নাম পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে নথি গভীরভাবে পর্যালোচনা করে দেখা যায়, শুধু মূল দরখাস্তই নয়; নালিশী দরখাস্তের সত্যায়িত অনুলিপি এবং এমনকি মামলার ‘তদন্ত প্রতিবেদনেও’ একই কৌশলে আসামির নাম হাতে লিখে জালিয়াতি করা হয়েছে। অথচ নতুন করে জালিয়াতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা সজিব হোসেন ওরফে বাবুর বিরুদ্ধে আদালত এর আগে কোনো আমল গ্রহণ করেননি।

পরবর্তীতে বিষয়টি বিচারকের নজরে আনেন বেঞ্চ সহকারী। বিচারকের নির্দেশে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), জারীকারক মো. আবুল কালাম ও অফিস সহায়ক মো. বোরহান উদ্দিনের উপস্থিতিতে বাদী মো. নূরে আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে নথি জালিয়াতির বিষয়টি স্বীকার করে বাদী নূরে আলম আদালতকে জানান, “আমি নথিতে কোনো কিছু লিখিনি। আমার নিয়োজিত পূর্বের আইনজীবী মো. মাহবুবুর রহমান খান এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন পরস্পর যোগসাজশে নথিতে আসামির নাম ও ঠিকানা পরিবর্তন করেছেন।”

আদালতের নথিপত্র কাটাকাটি, ঘষামাজা ও নাম পরিবর্তন করে বিচারিক প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেওয়ায় বাদী নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা