তাহসিফ হত্যা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৫:২৮ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ১৫:৩০ পিএম
আদালতে আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ফাইল ছবি
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেছেন, প্রথম দফার রিমান্ডে জিজ্ঞাসাবাদে এই আসামি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর প্রকৃতির। তাই তিনি জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান, নীরবতা পালন করেন। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন।
মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন মঙ্গলবার ঢাকার আদালতে এই রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দোহা সুমন বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এই রিমান্ড আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
এই মামলায় গ্রেপ্তারের পর গত শনিবার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ আবার রিমান্ডের আবেদন করল নৌ পুলিশ।
একই মামলায় গ্রেপ্তার এক তরুণী এখন চার দিনের রিমান্ডে আছেন। গত রবিবার তার রিমান্ড মঞ্জুর হয়।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় গত শুক্রবার রাতে হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।