উদ্ধারকৃত তিনটি ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ৬৬২ গ্রাম ডিম্বাকৃতির স্বর্ণপেস্টসহ আটক মোহাম্মাদ মিনহাজের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মিনহাজকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুল হাসি ১০ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার ও রিমান্ড আবেদনে বলা হয়, মিনহাজের বাড়ি চট্টগ্রামের রাউজানের নতুন হাট এলাকায়। ১ নভেম্বর বাংলাদেশ বিমানের বিজি-১২৭ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাওয়ার টিকিট করেছিলেন তিনি। এ সময় তার পায়ুপথে স্বর্ণ লুকানো থাকার গোপন তথ্য পায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমানবন্দরের ডিপারচার বোর্ডিং ব্রিজ-সি-৪ সংলগ্ন হোল্ডিং লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। পরে উত্তরার একটি ক্লিনিকে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণপেস্টের অস্তিত্ব শনাক্ত হয়।
এরপর তার অন্তর্বাসের ভেতর থেকে তিনটি ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ৪৫৪ গ্রাম। ২৪ ক্যারেটের এসব স্বর্ণপেস্টের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকা। পরিশোধনের পর পাওয়া যেতে পারে প্রায় ১ কেজি ২৬০ গ্রাম স্বর্ণ।
তদন্ত কর্মকর্তার দাবি, মিনহাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দিয়েছেন এবং চোরাচালান চক্রের বিষয়ে তথ্য গোপন করেছেন। আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল হোতা, সহযোগীদের পরিচয় ও অর্থের উৎস শনাক্ত করতে চায় পুলিশ।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাফায়েত উল্লাহ ভূঁইয়া।