ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদশা।
ঢাকার মোহাম্মদপুরে জুলাই আন্দোলন চলাকালে মাসুদ হোসাইনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদশাকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত সোমবার এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী খন্দকার আহসান হাবিব ওই আবেদনের বিরোধিতা করে জামিন চান। শুনানি শেষে আদালত গ্রেপ্তারের আবেদন মঞ্জুর এবং জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ঢাল ও র্যাব কার্যালয়ের সামনে আন্দোলনকারী মাসুদ হোসাইনের ওপর হামলা হয়। দেশীয় অস্ত্র, পিস্তল, শটগান, পেট্রোল বোমা ও ককটেল নিয়ে চালানো ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বুকে জটিল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় আসামিদের প্ররোচনা, অর্থায়ন ও সরাসরি নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চালানো হয়।