× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বাচলে প্লট দুর্নীতি: আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

শওকত আজিজ রাসেল।

শওকত আজিজ রাসেল।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম রবিবার এ আদেশ দেন।

এদিন আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন রাসেল। তাঁর আইনজীবীরা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে জামিন চান। একই সঙ্গে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদনও করেন তারা। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত এ মামলায় শওকত আজিজ রাসেলসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং রাসেলের ভাই আশফাক আজিজ রুবেল।

রায়ে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। উভয় ধারায় তাদের সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

একই অভিযোগে রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকেও ১৪ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে এ ধারা থেকে খালাস দেওয়া হয়। রায়ে উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর এবং হাজতবাসের সময় মূল দণ্ড থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচলের সেক্টর-১-এর ৪০৫ নম্বর সড়কের ০১১ ও ০১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

প্রভাব খাটিয়ে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেওয়া ও দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে দুটি প্লট বরাদ্দ দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা