দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাগারে থাকতে হবে।
এ ছাড়া তার অবৈধভাবে উপার্জিত এক কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আব্দুস সালাম বুধবার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় জামিনে থাকা শ্যামল কৃষ্ণ দাস আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তার জামিন বাতিল করে সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ মে এক কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শ্যামল কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ মামলাটি করেন।
অভিযোগ অনুযায়ী, শ্যামল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল, ময়মনসিংহে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি নিজের ও নির্ভরশীলদের নামে মোট ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন। এর সঙ্গে পারিবারিক ব্যয় ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকা যোগ করে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার ১৭ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। বাকি ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার বৈধ উৎস পাওয়া যায়নি বলে অভিযোগ করে দুদক।
তদন্ত শেষে ২০২৫ সালের ১৭ এপ্রিল দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।